শিরোনাম

নিন্দিতরা রাজনীতিতে পিছিয়ে পড়ে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিন্দিতরা রাজনীতিতে পিছিয়ে পড়ে: নজরুল ইসলাম খান
‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলছেন নজরুল ইসলাম খান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

নিন্দিত রাজনীতিবিদরা রাজনীতিতে পিছিয়ে পড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে যারা নন্দিত, তাদের কথা বলার অনেক লোক আছে। আর যারা যে কারণে নিন্দিত, তারা রাজনীতিতে পিছিয়ে পড়ে।’

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সূচিপত্র প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খানের লেখা ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ে ভুলে যাওয়া রাজনীতিবিদদের অবদান তুলে ধরা হয়েছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘অনেক রাজনীতিবিদ আছে, যাদেরকে আমরা ভুলে যেতে বসেছি। তাদের অবদান এ দেশের জন্য অনেক। এই বইতে এগুলো তুলে ধরা হয়েছে। নিজের জ্ঞান এবং চিন্তা-চেতনা সম্প্রসারিত করার জন্য বইটি সবার পড়া উচিত।’

তিনি আরও বলেন, ‘সাধারণ জনগণ উদীয়মান সূর্যের পূজা করে। কিন্তু, যারা পিছিয়ে পড়েছে, তাদের মধ্যেও অনেক যোগ্যতা আছে। তারাও দেশের জন্য অবদান রেখেছেন। ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে।’

প্রকাশনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সূচিপত্রের প্রধান নির্বাহী ও প্রকাশক সাঈদ বারী। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।

/এফআর/