বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হলেন বিশ্বদীপ দাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হলেন বিশ্বদীপ দাশ
বিশ্বদীপ দাশ

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বদীপ দাশ। রবিবার (৪ অক্টোবর) সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ নতুন দায়িত্ব দেন। এর আগে তিনি জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সংবাদমাধ্যমটির একজন মুখপাত্র বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান। আমরা সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি। অন্তর্বর্তী এ সময়ে বিশ্বদীপ দাশ ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে বার্তাকক্ষের কর্মকাণ্ড এগিয়ে নেবেন।

অন্যান্য বার্তা সংস্থার মতো সংবাদ সরবরাহের প্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে যাত্রা শুরু করে ‘বিডিনিউজ’। ২০০৬ সালে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে যাত্রা শুরু করে। তখন থেকে মৃত্যু পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তৌফিক ইমরোজ খালিদী।

সেই সময় থেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বদীপ দাশ। পরে তিনি জ্যেষ্ঠ সম্পাদক হন।

ইংরেজি সাহিত্য, সাংবাদিকতা ও আইন বিষয়ে পড়াশুনা বিশ্বদীপ দাশের সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে। পরবর্তীতে তিনি ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট টেলিভিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দায়িত্ব পালন করেন।

/এফআর/