আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা এয়ার অ্যাম্বুলেন্স

চরম সংকটাপন্ন এক রোগীকে নিয়ে ভারতের আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল এয়ার অ্যাম্বুলেন্স। মাঝপথে আকাশে হঠাৎ খুলে যায় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা। সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এয়ার অ্যাম্বুলেন্সটির ওই রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তারা সবাই ভারতীয় নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল তা জানা যায়নি। ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

/আরএ/