শিরোনাম

‘বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘বিদেশফেরত মেধাবীদের কাজে লাগাতে চায় সরকার’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। একইসঙ্গে দেশের ভেতরে ও বিদেশে যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসী ও স্থানীয় কর্মীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।

তিনি বলেন, বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে শিক্ষার্থীদের দেশে ফিরে আসতে উৎসাহিত করার মতো পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু চক্র এডুকেশন কনসালটেন্সির আড়ালে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে। এসব দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। এ ধরনের অনিয়ম রোধ এবং প্রতারকদের শনাক্ত করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

/এসবি/