শিরোনাম

স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সিটিজেন জার্নাল

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষরের সময় তারিখের ঘরে বাংলায় ১৮-২-২০২৬ উল্লেখ করেন তিনি। পদবীর স্থানে লেখেন ‘মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’।

মন্তব্যের ঘরে তারেক রহমান লেখেন, ফ্যাসিবাদী শাসন ও শোষণের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে দেশ নতুনভাবে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

তিনি লেখেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রীসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবৎ কালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

পরিদর্শন বইয়ে তিনি আরও লেখেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করে তিনি জনগণের সামনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আল্লাহর সাহায্য কামনা করেন। একই সঙ্গে সকল শহীদের মাগফিরাত প্রার্থনা করেন।

এ সময় নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

/এসএ/