শিরোনাম

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ছবি: সিজেডএন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে আগামী ২৭ আগস্ট। অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা করতে কিছু নির্দিষ্ট এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। পাশাপাশি যেকোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো-

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত।

বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।

পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল।

রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯এম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং।

ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত।

জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলি।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/জেএইচ/