শিরোনাম

চট্টগ্রাম বন্দরের দুর্নীতি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের দুর্নীতি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে আইন অনুযায়ী দোষীদের অবশ্যই বিচার করা হবে। চট্টগ্রাম বন্দর রাষ্ট্রের ও জনগণের সম্পদ, তাই রাষ্ট্রীয় সম্পদের যেকোনো অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বদা সচেষ্ট থাকবে।’

বুধবার (১৫ জুলাই) বিকালে জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কাছে মোহাম্মদ কামাল হোসনের প্রশ্ন ছিলো– জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস হাউস চট্টগ্রাম বন্দরের কন্টেইনার স্ক্যানার মেশিন ক্রয় এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণের জন্য বিগত ২০১৮ সালে চারটি স্ক্যানার মেশিন ক্রয় এবং রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার আহ্বান করে। এই টেন্ডারে ব্যাপক দুর্নীতি হয়, মামলা হয় এবং এই অভিযোগ এখনো চলমান। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা না?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরটি দেশের সম্পদ। এটি একটি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এখানে কোনো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে, সেটি যখনই হয়ে থাকুক না কেন– অবশ্যই দেশের আইন অনুযায়ী যারা এর জন্য দায়ী তাদের বিচার অবশ্যই হবে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমাদের সরকারের (বিএনপি) প্রচেষ্টা থাকবে যেকোন জায়গায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় যেন না হয়, এ লক্ষ্যে পর্যায়ক্রমিকভাবে মুক্ত একটি পরিবেশ গড়ে তোলা।’

/এফআর/