শিরোনাম

ওসমান হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
ওসমান হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাট হস্তান্তর
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফ্ল্যাটটি রাজধানীর লালমাটিয়া এলাকায় অবস্থিত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে এই ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

এর আগে সরকার শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ নামের আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনতে এই অনুদান দেওয়া হয়। গত ২০ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপিত এ–সংক্রান্ত নথিপত্র অনুমোদন দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ বিভাগের সূত্র জানায়, শরীফ ওসমান হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পর অর্থ বিভাগ শরীফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর তার পরিবারের পুনর্বাসন ও সহায়তার অংশ হিসেবে সরকার এ উদ্যোগ গ্রহণ করে।

/এসএ/