শিরোনাম

অন্তর্বর্তী সরকারের গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত

সিটিজেন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করেছে সরকার। পাশাপাশি এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।

তবে ১৯ মে প্রজ্ঞাপন জারি করা হলেও এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে গত ১০ এপ্রিল থেকে।

একই দিনে জারি করা পৃথক এক আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে (পেছনের তারিখ) গ্রহণ করা হলো।

এছাড়া আরেকটি আদেশে এই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের যোগদানের তারিখও দেখানো হয়েছে ১০ এপ্রিল। এর আগেরদিন ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন করেন। ৩০ নভেম্বর রাষ্ট্রপতি বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় বিধান প্রণয়ন করতে ‘সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেন। ১ ডিসেম্বর সচিবালয়টির প্রথম সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রীম কোর্টের 'প্রশাসনিক ভবন-৪'-এ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ সচিবালয়টি উদ্বোধন করেন।

/জেএইচ/