শিরোনাম

একযোগে ইসির ১১২ কর্মকর্তাকে বদলি

একযোগে ইসির ১১২ কর্মকর্তাকে বদলি
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই মাঠ প্রশাসনে বড় রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, সংশ্লিষ্টদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে, সেদিন অপরাহ্ণেই তারা স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বৃহৎ পরিসরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই মাঠপর্যায়ে এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/জেএইচ/