শিরোনাম

অবৈধ ট্রাভেল এজেন্সির জন্য সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
অবৈধ ট্রাভেল এজেন্সির জন্য সতর্কবার্তা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন সনদ নবায়নে সতর্ক করেছে সরকার। এছাড়া অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী, নিবন্ধন সনদ এবং মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা আইনসিদ্ধ নয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই, মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক ব্যবসা পরিচালনাকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) জরুরিভিত্তিতে নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন করতে হবে।

আরও বলা হয়েছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ ব্যতীত এবং নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে শিগগিরই বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফসি/