শিরোনাম

ছয় মাসে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু: আসক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ছয় মাসে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু: আসক
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) লোগো

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন কারাগারে কারা হেফাজতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন বিচারাধীন বন্দি।

আসকের সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কারাগারে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৩৭ জন ছিলেন বিচারাধীন (আন্ডার-ট্রায়াল) বন্দি এবং ২৪ জন ছিলেন দণ্ডপ্রাপ্ত বন্দি।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৩৬ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন বিচারাধীন এবং ১৯ জন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে আটজন বন্দির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সাতজন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি।

রাজশাহী ও খুলনা বিভাগে পাঁচজন করে বন্দির মৃত্যু হয়েছে। দুই বিভাগেই মৃতদের মধ্যে চারজন ছিলেন বিচারাধীন এবং একজন ছিলেন দণ্ডপ্রাপ্ত বন্দি।

বরিশাল বিভাগে দুইজন বন্দির মৃত্যু হয়েছে। রংপুর বিভাগেও দুইজনের মৃত্যু হয়েছে এবং তারা দুজনই ছিলেন বিচারাধীন বন্দি।

সিলেট বিভাগে একজন বিচারাধীন বন্দির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে দুইজন বন্দির মৃত্যু হয়েছে, যাদের একজন বিচারাধীন এবং অন্যজন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

আসকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ছয় মাসে কারা হেফাজতে মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৭ জনই বিচারাধীন বন্দি, যা মোট মৃত্যুর ৬০ শতাংশেরও বেশি।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদন থেকে এসব তথ্য সংগ্রহ ও সংকলন করা হয়েছে।

/এমআর/