শিরোনাম

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে চায় সরকার। প্রযুক্তিনির্ভর বৈশ্বিক ইকোসিস্টেমে নতুন ধরনের গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ এখনও পুরোপুরি যুক্ত হতে পারেনি। তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এমন বিস্তার ছিল না। বর্তমানে ডিজিটাল মাধ্যমের যে ব্যাপক প্রসার ঘটেছে, তার সঙ্গে খাপ খাওয়ানো জরুরি হলেও তা এখনো পুরোপুরি সম্ভব হয়নি।

তিনি বলেন, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে।

এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন।

/এসএ/