শিরোনাম

গুলশান মডেল স্কুলে ভোট দেবেন ড. ইউনূস-তারেক রহমান; নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিনিধি
গুলশান মডেল স্কুলে ভোট দেবেন ড. ইউনূস-তারেক রহমান; নিরাপত্তা জোরদার
গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সিটিজেন গ্রাফিক্স

ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই কেন্দ্রে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ কারণে ভোর থেকেই কেন্দ্রজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

কেন্দ্রটিতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কেউ আগ্নেয়াস্ত্র বা কোনো ধরনের ক্ষতিকর বস্তু নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারেন।

কেন্দ্রটিতে প্রায় পাঁচ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত রয়েছেন। ভোটারদের মধ্যেও লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ভোটাররা বলছেন, শুরুতে কেন্দ্রে প্রবেশ করতে প্রায় দশ মিনিট সময় লেগেছে। ভেতরে পোলিং এজেন্ট, ভিজিটিং কর্মকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রবেশের কারণে ভোটারদের কিছুটা দেরিতে ঢুকতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে প্রধান দুই প্রতিদ্বন্দী হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী এস এম খালিদুজ্জামান।

/জেএইচ/