শিরোনাম

নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে কাল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে কাল
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর খসড়া আগামীকাল সোমবার মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারিতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিই চূড়ান্ত সুপারিশ তৈরি করেছে।

এর আগে অষ্টম বেতন কমিশনের প্রায় ১২ বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়।

কমিশনের হিসাবে, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর পেছনে বর্তমানে বছরে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নে এর সঙ্গে আরও ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

তবে নাসিমুল গনি নেতৃত্বাধীন কমিটি বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের বেশি না রাখার সুপারিশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। একই সঙ্গে নতুন কাঠামো দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এর প্রথম ধাপে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরের অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর করার কথা ছিল।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, মন্ত্রিসভায় ওঠার জন্য প্রস্তুত করা প্রস্তাবে আগের সুপারিশের সঙ্গে কিছুটা পরিবর্তন রয়েছে। ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করার সিদ্ধান্ত থাকলেও পুরো অর্থ একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

গত ১১ জুন জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। এর মধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় এ বরাদ্দ ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি।

নতুন বেতনকাঠামোর অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী গত সপ্তাহে বলেন, সরকার একসঙ্গে পুরো অর্থ দিতে পারছে না। বিপুল আমদানির কারণে রাজস্ব আহরণের সুযোগ কমে যাওয়ায় অর্থের সংস্থান নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

/এমআর/