পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মাহবুবুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মাহবুবুল হক
ছবি: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মাহবুবুল হক। একই সঙ্গে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর ফলে তাঁকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হচ্ছে।

অন্যদিকে মেজর জেনারেল মাহবুবুল হককে আরইবির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মাহবুবুল হক এর আগে ব্রিগেডিয়ার জেনারেল পদে ছিলেন। সম্প্রতি তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়ার পর নতুন এ দায়িত্ব দেওয়া হলো।

এস এম জিয়া-উল-আজিম ২০২৪ সালের ২৫ আগস্ট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি সংস্থাটির নেতৃত্বে ছিলেন।

/এমআর/