শিরোনাম

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার হয়। পরে আরও একটি অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে।

বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে শুক্রবার জুমার নামাজ শেষে এভারকেয়ারে চিকিৎসাধীন সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে তার অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। অপারেশনে পরিবারের সদস্যদের সম্মতি নেওয়া হয়েছে।

১১ মার্চ ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। এরপর তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

/টিই/