চাপে পড়ে নয়, দ্বিপাক্ষিক স্বার্থেই বোয়িং কেনার চুক্তি: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চাপে পড়ে নয়, দ্বিপাক্ষিক স্বার্থেই বোয়িং কেনার চুক্তি: মাহদী আমিন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, কোনো ধরনের চাপের কারণে নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

বোয়িং কেনার চুক্তি প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ড. মাহদী আমিন বলেন, বোয়িং কেনার সিদ্ধান্ত বেশ আগে থেকেই নেওয়া হয়েছিল। এ সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। তবে দুই পক্ষ এবং দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘের সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জাতিসংঘে বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন। এ সফর শুধু যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘকেন্দ্রিক ছিল না। প্রধানমন্ত্রী ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছেন। এসব আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের স্বার্থ ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

মাহদী আমিন বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন, তাদের সঙ্গে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে কার্যকরভাবে একসঙ্গে কাজ করে এসব সমস্যার সমাধান করা যায় কীভাবে, তা নিয়েও কথা হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের যেসব দেশ ও সংগঠন মানবাধিকার এবং বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে তারা বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় মিরপুরের রাড্ডা ও সালমান মুক্তাদিরের অফিসে হামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে। কাউকেই ছাড় দেয়া হবে না এবং আইন নিজস্ব গতিতে চলবে।

/এফআর/