শিরোনাম

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান।

রবিবার (২ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ বিভাগের এই অধ্যাপক তিন বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে।

প্রায় তিন দশকের কর্মজীবনে ড. সব্বির মোস্তফা খানের বড় অংশ কেটেছে পানি সম্পদ, নদী ব্যবস্থাপনা, বন্যা, জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ নিয়ে গবেষণা এবং প্রকৌশল শিক্ষায়। তিনি ১৯৯৬ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ কৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পরে পিএইচডি সম্পন্ন করেন।

১৯৯৭ সালে বুয়েটে প্রভাষক হিসেবে যোগ দিয়ে পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি পানি সম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. সব্বির মোস্তফা খান অর্ধশতাধিক জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে পদ্মা সেতু সংযোগ সড়ক, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, পায়রা সমুদ্রবন্দর, কর্ণফুলী নদীর জেটি নির্মাণ, রাজউকের ড্রেনেজ পরিকল্পনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন অবকাঠামো প্রকল্প।

/এসবি/