শিরোনাম

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু
স্ত্রী ও সন্তানের সঙ্গে দেবাশীষ দত্ত

কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে আগুন লেগে স্ত্রী ও সন্তানসহ কুষ্টিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত। তার স্ত্রী আফসানা শারমীন ও ছেলে স্বর্ণশীষ দত্ত।

কুষ্টিয়ায় দেবাশীষের পারিবারিক বন্ধু ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান জানান, গত ৩ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে চেন্নাই যান দেবাশীষ। তাদের সঙ্গে কুষ্টিয়ার আরও দুজন গিয়েছিলেন। সোমবার (১৭ আগস্ট) রাতে চেন্নাই থেকে আকাশপথে তারা কলকাতায় আসেন। সেখানে একটি হোটেলে উঠেছিলেন। সারাদিন ঘুরেছেন। আজকে তাদের দেশে ফেরার কথা ছিল।

তিনি আরও জানান, কুষ্টিয়ায় দেবাশীষের বাড়িতে স্বজন-বন্ধুদের কান্নায় এক শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) মধ্যরাতে কলকাতা নিউ মার্কেটের কাছে ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন নামে এক হোটেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কয়েকজন অতিথি বের হতে পারেননি। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, দুই জন মহিলা এবং একটি শিশু।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি ও একজন ভারতীয়। বাকি ৩ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা দিতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে।

যোগাযোগ:

মো ওমর ফারুক আকন্দ

দ্বিতীয় সচিব (রাজনৈতিক)

মোবাইল: +৯১ ৮২৭৪৮২১৩৫২

হোয়াটস অ্যাপ: +৮৮০১৭১৭২৯১২৬৬ +৯১৯৯০৩৪২৬১১৯

/এফসি/