শিরোনাম

ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় আটক ১৭৫ জন দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক
ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় আটক ১৭৫ জন দেশে ফিরলেন
লিবিয়া থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে ছিলেন। এদের মধ্যে অধিকাংশই ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া গিয়েছিলেন।

বুধবার (১ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ফিরিয়ে আনা বাংলাদেশিদের মধ্যে ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে ১১৩ জন এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ৬২ জন ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এসব বাংলাদেশির মধ্যে অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় এসেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেক ফিরে আসা প্রত্যেক বাংলাদেশিকে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/বিবি/