শিরোনাম

‘সেই স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘সেই স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

সাংবাদিকদের দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোর টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। তার এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একইসঙ্গে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে ক্ষুব্ধ সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হি বিকাম অ্যা ম্যাড গাই; আমি দেশের বাইরে আছি, নয়তো এক্ষুনি তাকে ক্লোজ করতাম।’

উল্লেখ্য, আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে অংশ নিতে বর্তমানে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে, বুধবার (২৪ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোষ্টে আবু আহাম্মদ শাফী লিখেন, ‘আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীন সাংবাদিকদেরকে বাংলাদেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল বিল্ডিংয়ের অভ্যন্তরীণ পরিষ্কার, পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত অন্তত এক অর্থবছরের জন্য।’

তিনি লিখেন,‘যদি তারা সফল হোন, তাহলে তাদেরকে স্থায়ীভাবে এ দায়িত্ব দেওয়া যেতে পারে। রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের জনগণের কল্যাণের কাজ, যে ভালো পারবে, তাকেই দেওয়া উচিত বলে আমি মনে করি।’

/এসবি/