শিরোনাম

নির্বাচনে জিতলেন চার সংখ্যালঘু প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে জিতলেন চার সংখ্যালঘু প্রার্থী
গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায়, সাচিং প্রু ও দীপেন দেওয়ান ছবি: কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের চারজন প্রার্থী বিজয় লাভ করেছেন। এরা সবাই বিএনপি মনোনীত প্রার্থী। জাতীয় নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।

ঢাকা–৩ আসন থেকে জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহীনুর ইসলাম পান ৮২ হাজার ২৩২ ভোট।

মাগুরা-২ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরী। তিনি ১ লাখ ৪৭ হাজার ৮৯৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।

পার্বত্য বান্দরবান আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জয়লাভ করেছেন। তিনি ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো.সূজা উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

রাঙ্গামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান জিতেছেন। তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ২২২ ভোট।

বিএনপি এবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে ছয় ব্যক্তিকে মনোনয়ন দিয়েছিল। তাদের মধ্যে দুজন পরাজিত হয়েছেন। তাঁরা হলেন বাগেরহাট–১ আসনের কপিল কৃষ্ণ মণ্ডল ও বাগেরহাট–৪ আসনের সোমনাথ দে।

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী ও এনসিপি একজন করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী দিয়েছিল। তাঁরা দুজনই পরাজিত হয়েছেন। তাঁরা হলেন খুলনা–১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এবং মৌলভীবাজার–৪ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৯ জন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ২২টি দল সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৬৭ জনকে মনোনয়ন দেয়। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংখ্যালঘু সম্প্রদায় ১২ জন প্রার্থী নির্বাচন করেন। যদিও এদের মধ্যে মাত্র চার জন প্রার্থী জয় লাভ করেছেন।

/বিবি/