শিরোনাম

ফরিদপুর বিভাগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর বিভাগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফরিদপুর শহরে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে এক জনসভায় ফরিদপুরকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় ফরিদপুর বিভাগ হবে এবং সিটি কর্পোরেশনও হবে।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ হবে। এটি একনেকে পাস হয়েছে এবং প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। দেশের পানির সমস্যা সমাধানে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে অনেক কৃষক উৎপাদিত পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। এ সমস্যা সমাধানে পেঁয়াজ সংরক্ষণের একটি পরিকল্পনা গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। খুব শিগগিরই পেঁয়াজ চাষিদের জন্য আধুনিক স্টোরেজ বা সংরক্ষণাগারের ব্যবস্থা করা হবে, যাতে তারা ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং জেলা বিএনপির সভাপতি মোদাররেস আলী ইছাসহ বিভিন্ন পর্যায়ের রাজনীতিবীদ ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

/এসবি/