শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন সমন্বিত সক্ষমতা: ফারুক ই আজম

নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন সমন্বিত সক্ষমতা: ফারুক ই আজম
ঢাকা সেনানিবাসে দুর্যোগ সক্ষমতা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক। ছবি: পিআইডি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক বলেছেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এ বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি।

উপদেষ্টা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে দুর্যোগ সক্ষমতা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। সেনানিবাসের ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

অনুষ্ঠানে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সশস্ত্র বাহিনী বিভাগকে (এএফডি) দুর্যোগ সক্ষমতা সরঞ্জাম হস্তান্তর করা হয়।

উপদেষ্টা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে মানুষের জানমাল রক্ষা এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত পুনরুদ্ধারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা সবার কাছে সমাদৃত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এসব সরঞ্জাম সশস্ত্র বাহিনীকে দুর্যোগকালীন সময়ে আরো দ্রুত, কার্যকর ও নিরাপদ করবে। বিশেষ করে দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেন, আজকের এ সরঞ্জামাদি হস্তান্তরের মাধ্যমে আমরা তাদের সক্ষমতাকে আরো উন্নত শক্তিশালী করতে সক্ষম হয়েছি।

উপদেষ্টা আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সংস্কার করা হচ্ছে। এ সংস্কারের আওতায় দুর্যোগ সংক্রান্ত সব কার্যক্রম এ মন্ত্রণালয়কে কেন্দ্রীয় ভূমিকায় রেখে সমন্বয় করা হবে। চলমান এই কার্যক্রম পরবর্তী সরকার সম্পূর্ণ করবে।

এবারের প্রকল্পের আওতায় যে যন্ত্রপাতিগুলো হস্তান্তর করা হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো– তিনটি হেভি ডোজার (৪৮ টন ক্ষমতাসম্পন্ন), তিনটি ডোজার (২০ টন ক্ষমতাসম্পন্ন) এবং তিনটি ফর্কলিফট। এসব যন্ত্রপাতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোমাতসু কোম্পানির নির্মিত। এসব যন্ত্রপাতি উচ্চ সক্ষমতা, টেকসই গঠন এবং দুর্যোগ পরিস্থিতিতে দীর্ঘসময় নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য বিশেষভাবে উপযোগী।

উপদেষ্টা এসময় উদ্ধার অভিযানে ব্যবহৃত গাড়িগুলোর চাবি হস্তান্তর এবং যন্ত্রপাতি পরিদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বক্তব্য রাখেন।

/এফসি/