দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের বিশেষ বার্তা
বাংলাদেশ পুলিশের লোগো

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে পূজামণ্ডপে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য এক গুচ্ছ নিরাপত্তা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে। যাচাই না করে কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার না করারও পরামর্শ দিয়েছে পুলিশ।

এতে বলা হয়েছে, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর অথবা চার্জার লাইট রাখার কথাও জানিয়েছে পুলিশ।

বার্তায় বলা হয়েছে, নিরাপত্তার দায়িত্ব পালনে মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। তাদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড রাখার কথা বলা হয়েছে। দুর্গাপূজা উদযাপনের সময় অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আজান ও নামাজের সময় মসজিদের পাশের পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে। এ ছাড়া পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে পুলিশ।

জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ

দুর্গাপূজায় যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে। সেবাটি ২৪ ঘণ্টা চালু এবং টোল ফ্রি।

এ ছাড়া জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০

ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯

এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯

বার্তায় জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

/এসবি/