শিরোনাম

সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে ‘বিশেষ অনুদান’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে ‘বিশেষ অনুদান’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি প্রবাসীর পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠিত এই সভায় অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। পাশাপাশি নিহতদের পরিচয় দ্রুত শনাক্তকরণ, সরকারি খরচে ও ব্যবস্থাপনায় দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনয়ন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে যাবতীয় সহায়তার বিষয়ে আলোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ দূতাবাস। শনাক্তকরণ শেষে সৌদি কর্তৃপক্ষের প্রয়োজনীয় নির্দেশনা ও আনুষ্ঠানিকতা অনুসরণ করে মরদেহ সরকারি ব্যবস্থাপনায় ও খরচে সৎকার করা হবে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী ১৬ জনের প্রত্যেকের পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়া হবে।

ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ১৬ জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সভায় পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি (ভার্চুয়ালি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি, বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য, রবিবার (৯ আগস্ট) সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

/এসবি/