শিরোনাম

আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বেগম খালেদা জিয়া ছাড়াও দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কারের জন্য মনোনীত অন্য ১৪ ব্যক্তি হলেন– মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম। সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।

সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক একেএম হানিফ (হানিফ সংকেত) এবং বিশিষ্ট সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর)।

ক্রীড়ায় পাচ্ছেন দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান (লিনু)।

সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক এবং রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।

এছাড়া জনপ্রশাসনে পাচ্ছেন কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।

গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার পাচ্ছেন।

পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ৫ প্রতিষ্ঠান হলো– মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এছাড়া সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে। তবে চলতি বছর ১৬ এপ্রিল এই পুরস্কার প্রদান করা হবে।

প্রত্যেক পদকপ্রাপ্তদের ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

/জেএইচ/