শিরোনাম

২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব তার ওপর অর্পিত হলো।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে নিজের ফেসবুক পোস্টে ডা. জাহেদ উর রহমান সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও আমার ওপর অর্পিত হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ডা. জাহেদ উর রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। প্রতিমন্ত্রীর মর্যাদায় ওই পদে দায়িত্ব পালনের পাশাপাশি এবার তার ওপর নতুন করে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।

/এসএ/