শিরোনাম

কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা
কৃষক কার্ড বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো.আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুরে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারাদেশের মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করবে সরকার। এখানে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই, এমনকি কোনো প্রকার অনিয়মেরও সুযোগ নেই।

তিনি বলেন, শপথ নেওয়ার পর থেকে নির্বাচনি প্রতিটি প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে সরকার। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। আজ কৃষক কার্ড বিতরণ শুরু করা হলো। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার একের পর এক কাজ করে চলেছে।

এর আগে দুপুর দেড়টার দিকে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান ও ১ হাজার ৬৭৯ জন উপকারভোগী কৃষক-কৃষাণিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা প্রথম ধাপে পাইলট প্রকল্পের আওতায় এ কৃষক কার্ড পাচ্ছেন।

/এসবি/