শিরোনাম

প্রধানমন্ত্রী একুশে পদক দেবেন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী একুশে পদক দেবেন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেজকে ২০২৬ সালের একুশে পদকে ভূষিত করবেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদক তুলে দেবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিন বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

গতকাল সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড ওয়ারফেজকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। গত ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একুশে পদক দেওয়া হয়। এবারের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন– চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া ব্যান্ড ওয়ারফেজকে সংগীত দল হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

/এফসি/