শিরোনাম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের জয়

বিশেষ প্রতিনিধি
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের জয়
ভোটে জয়ের পর বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ঘিরে উচ্ছ্বাস। আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস।

নির্বাচনে জয়লাভের মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এই বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বসতে যাচ্ছে বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। সে সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব ছিলেন এবং পরবর্তীতে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এমআর/