শিরোনাম

বাংলাদেশকে প্রতিরক্ষা সহায়তা দিতে চায় বেলারুশ

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশকে প্রতিরক্ষা সহায়তা দিতে চায় বেলারুশ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেলারুশের রাষ্ট্রদূত মিখাইল কাসকো। ছবি: পিডিআই

বাংলাদেশকে ড্রোনসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছে বেলারুশ। দেশটি বলেছে, প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে তারা প্রস্তুত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বেলারুশের রাষ্ট্রদূত মিখাইল কাসকো।

মিখাইল কাসকো বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে প্রতিরক্ষা খাতে সহযোগিতার অংশ হিসেবে ড্রোনসহ আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারে।

বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং ফৌজদারি মামলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ইতোমধ্যে শক্তিশালী। এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান পটাশ সার উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত সার আমদানি করে। এ ক্ষেত্রে বেলারুশ হতে পারে বাংলাদেশের জন্য নতুন একটি সম্ভাবনাময় উৎস।

রাষ্ট্রদূত এ সময় বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন দিক মন্ত্রীর কাছে তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদে জানান, কৃষিপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশ এ বিষয়ে বেলারুশের কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে পারে।

রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয় মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত এসময় মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন, ভারতের বেলারুশ দূতাবাসের সিনিয়র কাউন্সিলর সিয়ারহেই ত্রাৎসিউক, বেলারুশ প্রোমআগ্রোলিজিং ওজেএসসি (ওপেন জয়েন্ট স্টক কোম্পানি)’র ডিরেক্টর জেনারেল পাভেল কারোৎকিখ, ডেপুটি ডিরেক্টর জেনারেল জমিত্রি সেভিজদ্রাল, বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায়।

/এসএ/