শিরোনাম

৪৪ তম বিসিএসে ৪১৩৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ

৪৪ তম বিসিএসে ৪১৩৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ
ছবি: সিটিজেন জার্নাল

৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনায় এই মনোনয়ন দেওয়া হয়েছে। ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এসব নিয়োগ কার্যকর করা হবে।

মনোনীতদের মধ্যে বড় একটি অংশকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জনকে ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনীত করা হয়েছে।

১০ম গ্রেডের উল্লেখযোগ্য সংখ্যক পদে নিয়োগ দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ইন্সট্রাক্টরসহ (কৃষি ও শারীরিক শিক্ষা) কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার প্রার্থী।

/জেএইচ/