শিরোনাম

পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়ালো ১২ লাখ ১৮ হাজার

নিজস্ব প্রতিবেদক
পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়ালো ১২ লাখ ১৮ হাজার
ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১২ লাখ ১৮ হাজার ৮৯৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৭৫৩ জন নিবন্ধন করেছেন বাংলাদেশ থেকে, বাকিরা অন্যান্য দেশ থেকে। এছাড়া নিবন্ধিতদের মধ্যে ১০ লাখ ৫২ হাজার ১৩৮ জন পুরুষ এবং ১ লাখ ৬৬ হাজার ৭৫৩ জন নারী। নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবার নির্বাচন কমিশন (ইসি) আইটি সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৯ নভেম্বর থেকে এবং চলবে আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, তবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পরে এক প্রেসব্রিফিংয়ে ইসি ঘোষণা করেছে যে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

যেসব দেশে প্রবাসীরা এই নিবন্ধন করতে পারবেন তার মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

/জেএইচ/