শিরোনাম

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। ছবি: পিআইডি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এই বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের ইংরেজি শিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়াতে শিক্ষাবৃত্তির পরিধি সম্প্রসারণের আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। ব্রিটিশ প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাস।

/এসএ/