শিরোনাম

চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র (কেভিএসি) চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্র খোলার পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহের আবেদনগুলো এককভাবে ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করা হবে। দূতাবাস কূটনৈতিক নোটের মাধ্যমে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা সম্পর্কিত পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ এবং ইস্যু করা অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা হলো- ২ এফ বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট ৮০, ব্লক বি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা ১২১৩।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা আবেদন কেন্দ্র একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পরিচালনা করবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি এবং অ্যাপয়েন্টমেন্ট করার তারিখ সম্পর্কিত বিস্তারিত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আলাদাভাবে ঘোষণা করা হবে। তবে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দূতাবাস থেকে দেওয়া হবে।

ভিসা আবেদনকারীদের এসব বিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করে সর্বশেষ তথ্য যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

/এসবি/