শিরোনাম

কেরানীগঞ্জের ঝিলমিলে হচ্ছে অস্থায়ী বাস টার্মিনাল

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
কেরানীগঞ্জের ঝিলমিলে হচ্ছে অস্থায়ী বাস টার্মিনাল
যানজট নিরসন সংক্রান্ত বৈঠকে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় সরে যাচ্ছে ফুলবাড়িয়া বাস ট্রার্মিনাল। রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে ঝিলমিলে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২৯ আগষ্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই বাস টার্মিনালটি স্থানান্তর করা হলে রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমানোর পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে বৈঠকে আলোচনা হয়।

এছাড়া, স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ যেহেতু দীর্ঘমেয়াদি প্রকল্প তাই আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয় বৈঠকে।

এদিকে, বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন–ইএফটি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল আদায় ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য একটি অ্যাপ তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের আগামী চার মাসের মধ্যে এ কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

বৈঠকে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিনের যানজট নিরসনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পূর্বে প্রস্তুত করা বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে যানজট নিরসনে করণীয় নির্ধারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

/এসবি/