শিরোনাম

তারেক রহমানে শপথে আসছেন না মোদি

তারেক রহমানে শপথে আসছেন না মোদি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তিনি ঢাকায় আসতে পারছেন না। একই দিনে নির্ধারিত কর্মসূচির কারণে তার পক্ষে সফর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতের সংবাদমাধ্যম টাইমস নাও-এর খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতীম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

তবে ওই দিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে মোদির। ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিতে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মাক্রোঁ। একই সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা–রও অংশ নেওয়ার কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয়ের পর তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের চলমান উত্তেজনা প্রশমনের কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম।

এরই মধ্যে নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার প্রথম ফোনালাপে তিনি বাংলাদেশকে ‘গণতান্ত্রিক ও প্রগতিশীল’ হিসেবে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

/এসএ/