শিরোনাম

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আদালত প্রতিবেদক
আদালত প্রতিবেদক
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে যথাসময়ে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (১৯ আগস্ট) অ‍্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৩ আগস্ট রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। মঙ্গলবার (১৮ আগস্ট) এই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি– (ক) উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

পরে রিটকারী আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

/এফসি/