শিরোনাম

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, নির্বাচনের আগের দিন এবং ভোটগ্রহণের দিন ধারণ করা সব ফুটেজ ভবিষ্যৎ প্রমাণ হিসেবে সংরক্ষণ করতে হবে বলে জানানো হয়েছে। এসব ভিডিও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ইসির চিঠিতে জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের ভিডিও ফুটেজগুলো ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার, দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারদেরকে এই নির্দেশনা দিয়েছে ইসি।

ইসি জানিয়েছে, ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ বজায় ছিল কি না এবং কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না তা যাচাইয়ের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো আসনে ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বা কোনো প্রার্থী মামলা করলে এসব ফুটেজই প্রধান কারিগরি তথ্যপ্রমাণ হিসেবে বিবেচিত হবে।

/জেএইচ/