শিরোনাম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

এদিকে, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেইসঙ্গে ইরানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করার গভীর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মাসুদ পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের এই আস্থা প্রকাশ মির্জা ফখরুলের দূরদর্শিতা, প্রতিশ্রুতি এবং গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তার প্রশংসনীয় অবদানেরই প্রতিফলন।

নতুন এই নেতৃত্বের সূচনা বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট দুদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইরানের বহুমুখী সহযোগিতা সম্প্রসারণের পূর্ণ প্রতিশ্রুতির কথা জানান।

বার্তার শেষে তিনি নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

/এসবি/