শিরোনাম

ক্ষমা না চাইলে জামায়াত প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক
ক্ষমা না চাইলে জামায়াত প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী এস. এম. খালিদুজ্জামান সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টে এলাকায় ঢোকার সময় সেনাসদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছেন। ওই প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা অস্ত্রসহ প্রবেশে বাধা দিলে হলে তিনি তাঁদের সঙ্গে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।

এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এতে বলা হয়, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে বলতে চায়, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়ার লাইসেন্স দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা।

এতে আরও বলা হয়, ওই প্রার্থী যদি প্রকাশ্যে তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ বন্ধের সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আমরা ক্যান্টনমেন্টে পিএনজি (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন কোনো আপস করবে না।

/বিবি/