শিরোনাম

ঈদ উপলক্ষে লঞ্চ ও স্টিমারের বিশেষ সার্ভিস শুরু ১৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক
ঈদ উপলক্ষে লঞ্চ ও স্টিমারের বিশেষ সার্ভিস শুরু ১৭ মার্চ
নৌ পরিবহন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে মানুষ নানা উপায়ে বাড়ি ফেরেন। আসন্ন ঈদুল ফিতর ঘরমুখী মানুষের নৌপথে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে যাত্রীসেবায় বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে নির্ধারিত বিভিন্ন রুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু থাকবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যবস্থার আওতায় কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-নারায়ণগঞ্জ-চাঁদপুর-কালিগঞ্জ-হিজলা-বরিশাল নৌরুটে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকাস্থ বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট-মুন্সিগঞ্জ-চাঁদপুর-ঈদগা ফেরিঘাট, শরীয়তপুর-ইলিশা-হাকিমুদ্দিন-গলাচিপা নৌরুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

আরও বলা হয়, ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানানো হয়েছে।

/টিই/