শিরোনাম

প্যারোল শেষে কারাগারে দীপু মনি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্যারোল শেষে কারাগারে দীপু মনি
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের ফটকে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।

দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয় দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যান। প্রায় পৌনে তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে সেটি মুন্সিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়।

এর আগে বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।

অনুমতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোলের সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে তিনি ঢাকায় গিয়ে স্বামীর জানাজা ও দাফনে অংশ নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

/এমআর/