যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হয়রানির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে, এমন একদল অপরাধী জড়িত বলে প্রতীয়মান হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত এই ব্যক্তিত্বের সঙ্গে এমন আচরণকে সরকার নিন্দনীয় বলে মনে করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও বিবৃতিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন) বলাসহ বিভিন্ন আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপের তথ্য বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

/এমআর/