শিরোনাম

‘দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে’

নিজস্ব প্রতিবেদক
‘দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে’

সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনস্থ কার্যালয়ে নিজ এলাকার ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিস্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে সেই লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, আমি আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আপনাদের কারণেই আজ আমি মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা রয়েছে। আমি শতভাগ সততার সঙ্গে চলছি এবং সততার সঙ্গেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।

/এসবি/