শিরোনাম
সরকারের ১৮০ দিন

সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করার সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করার সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
নবম জাতীয় বেতন কাঠামো। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

সব স্তরের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রথম থেকে ২০তম গ্রেডের জন্য নতুন এই বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো এবং দ্বিতীয় ধাপে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে। এ বিষয়ে গঠিত সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে নেওয়া কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে নতুন বেতনকাঠামোর বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামের উপশিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সুপারিশের কথা উল্লেখ করা হয়।

ই-বুকে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

অষ্টম বেতন কমিশন গঠনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান ছিলেন এই কমিশনের চেয়ারম্যান।

জাকির আহমেদ খান কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়। একইভাবে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছিল।

এরপর সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়ে সুপারিশ দিতে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই কমিটির সভাপতি। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়ে এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো প্রয়োজন হয়ে পড়েছে।

অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো কার্যকর করা হবে। এরই ধারাবাহিকতায় মূল বেতন বাড়ানোর পর বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা পর্যায়ক্রমে কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হলেও দীর্ঘদিন ধরে একই কাঠামোয় থাকা সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের বিষয়টি সামনে এসেছে।

/এমআর/