শিরোনাম

খাল খননের পাশাপাশি চলবে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
খাল খননের পাশাপাশি চলবে বৃক্ষরোপণ
খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন।

সভায় পানি সম্পদ মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি দিয়ে দেশের সেচ ব্যবস্থায় মহাবিপ্লব ঘটিয়েছিলেন। দীর্ঘ সময় খাল খনন না হওয়ায় সেচ ব্যবস্থায় ঘাটতি ও জলবদ্ধতার কারণে দেশজুড়ে জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান জনগণ নির্বাচিত সরকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবে বলে জানান তিনি।

খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আাগামী তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে আহ্বান জানান। এছাড়া খাল খননকে টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন এবং ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খনন কার্যক্রম বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি চলতি অর্থবছর এবং আগামী বছরগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।

আগামী পাঁচ বছরে নির্ধারিত ২০ হাজার কিমি খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

/জেএইচ/