শিরোনাম

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু করা হবে। ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা ভারতে যেতে পারে সেসব বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদানের টাকা বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘ভারতের হাই কমিশনার আসছে। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারে সেই ব্যবস্থা উনারা করছেন। সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আজকে আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই, আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের মেয়ে বা সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নাই। আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই, আমি সবার এমপি আমি কিন্তু বিএনপির এমপি না।’

/টিই/